কালিয়ায় বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণের অভিযোগ, শিক্ষার্থীদের মানববন্ধন
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলার পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কলাবাড়ীয়া গ্রামের মনিরুজ্জামান বিদ্যালয়ের মাঠ দখল করে দালান ঘর নির্মাণ করছেন। অভিযোগ অনুযায়ী, তিনি নিজের পৈতৃক সম্পত্তির পাশাপাশি প্রায় দুই শতক সরকারি জমি দখল করে একতলা পাকা ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগেও একই দাগের সরকারি জমিতে তার চাচা একতলা দালানঘর ও দোকান নির্মাণ করেছেন। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় সমস্যা হচ্ছে এবং মাঠের পরিসর কমে গেছে। দ্রুত নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান দাবি করেন, তিনি তার পৈতৃক ভিটায় ঘর নির্মাণের কাজ শুরু করেছেন। সরকারি জায়গা নিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান।
কলাবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শেখ মোহাম্মদ আফিল উদ্দিন বলেন, খবর পেয়ে অবৈধভাবে নির্মাণাধীন দালানঘরের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে অংশটুকু সরকারি সম্পত্তি তা চিহ্নিত করে দাগ টেনে দেওয়া হয়েছে।
১৭৪ বার পড়া হয়েছে