মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ২০
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০-এ। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২২ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ৭ মাস বয়সী এক শিশুপুত্রকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হামের উপসর্গ, নিউমোনিয়া এবং হৃদ্যন্ত্রের অকৃতকার্যতায় শিশুটির মৃত্যু হয়।
এছাড়া, ২৩ এপ্রিল রাত ১১টার পর নেত্রকোনার মাদারগঞ্জ থেকে ৪ মাস বয়সী এক শিশুকন্যাকে একই উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। সোমবার সন্ধ্যা ৬টার পর হামের উপসর্গ, নিউমোনিয়া এবং হৃদ্যন্ত্রের অকৃতকার্যতায় তার মৃত্যু ঘটে।
অপরদিকে, ২০ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার দুর্গাপুর থেকে ৫ মাস বয়সী এক শিশুপুত্রকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত সাড়ে ১০টার দিকে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৩৬ শিশু হাসপাতাল ছেড়েছে। এ পর্যন্ত মোট ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একই সময়ে একজন শিশুকে ঢাকার শিশু হাসপাতালে রেফার করা হয়েছে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুইজন করে হামের উপসর্গ নিয়ে ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
১১৮ বার পড়া হয়েছে