সর্বশেষ

জাতীয়

কোস্টগার্ডকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আহসান সুমন
আহসান সুমন

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড আজ জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তাধারার মাধ্যমে এই বাহিনী প্রতিষ্ঠিত হয়।

বর্তমান সরকার কোস্টগার্ডকে একটি আধুনিক, শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি এসব কথা বলেন (২৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশ কোস্টগার্ডের যাত্রা শুরু হয়। বর্তমানে এই বাহিনী মাদক চোরাচালান প্রতিরোধ, মানবপাচার বন্ধ, জলদস্যু দমন এবং সুন্দরবনের বনজ ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সাহসিকতার পরিচয় দিচ্ছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, গত এক বছরে সুন্দরবনে ২৯টি সফল অভিযানে ৩৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও কাঠ উদ্ধার করা হয়েছে, যা বাহিনীর সদস্যদের সাফল্যের প্রমাণ।

কোস্টগার্ডের আধুনিকায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সম্প্রতি বাহিনীর বহরে ৩টি সার্ভেইলেন্স ড্রোন যুক্ত করা হয়েছে। জাইকার অর্থায়নে ১টি মাল্টিরোল রেসপন্স ভেসেল এবং ২টি অফশোর প্যাট্রোল ভেসেল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে বুলেটপ্রুফ হাই-স্পিড বোট ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে হেলিকপ্টার ও মেরিটাইম সারভেইলেন্স সিস্টেম সংযোজনের পরিকল্পনাও সরকারের রয়েছে। এছাড়া বাহিনীর জনবল ১০ হাজারে উন্নীত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

বক্তব্যের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহিদদের, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

অনুষ্ঠানে মন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১৪ জন সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করেন। এর মধ্যে ৪ জনকে বাংলাদেশ কোস্টগার্ড পদক, ৪ জনকে বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক, ৩ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক এবং ৩ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক প্রদান করা হয়। তিনি পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ড সদর দপ্তর চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন