মুন্সীগঞ্জে ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ: নারীসহ ১০ জন গ্রেফতার
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ পৌর এলাকায় ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী ও এক খদ্দেরসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে সদর থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে গোপনে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ জন নারী ও ১ জন খদ্দেরকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে নারী সংগ্রহ করে দেহ ব্যবসা পরিচালনা করতেন। মোবাইল ফোনের মাধ্যমে খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করে তাদের সেখানে ডেকে আনা হতো।
পুলিশ আরও জানিয়েছে, অনেক ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা আদায়ের অভিযোগও রয়েছে। এছাড়া বিদেশফেরত ব্যক্তিদের এই চক্রের অন্যতম লক্ষ্য গ্রাহক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪৪ বার পড়া হয়েছে