রামুতে সাংবাদিক উচ্ছ্বাসের ওপর হামলা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের রামুতে নৃশংস এক হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়ার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল ভোরে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে কালু বড়ুয়া নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়। ওই ঘটনার সংবাদ সংগ্রহে গেলে স্থানীয় সংবাদকর্মী উচ্ছ্বাস বড়ুয়ার ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়া বাদী হয়ে ১৮ এপ্রিল রামু থানায় দুইজনকে আসামি করে একটি মামলা করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় রামু থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চেরাংঘাটা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি প্রান্ত বড়ুয়া ওরফে ডংগ্লসকে আটক করে। তিনি পূর্ব মেরংলোয়া বড়ুয়া পাড়ার বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার দিন উচ্ছ্বাস বড়ুয়া লাশের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় আসামিপক্ষের কয়েকজন, যার মধ্যে প্রান্ত বড়ুয়া ও বাদল বড়ুয়া রয়েছেন বলে অভিযোগ, তার ওপর চড়াও হয়। তারা সাংবাদিককে মারধর করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারণ করা ফুটেজ মুছে ফেলার চেষ্টা করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় সাংবাদিক উচ্ছ্বাস বড়ুয়াকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।
রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২০১ বার পড়া হয়েছে