কলাপাড়ায় শ্রমিককে নির্যাতনের অভিযোগে কোস্টগার্ড সদস্যের বিরুদ্ধে মামলা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মো. শামীম ফকির (২৮) নামে এক শ্রমিককে মারধর ও নির্যাতনের অভিযোগে কোস্টগার্ড গোয়েন্দা বিভাগের এক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) শামীম ফকির বাদী হয়ে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলায় মহিপুর থানার নিজামপুর কোস্টগার্ডের গোয়েন্দা বিভাগের সদস্য মো. মাসুদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে প্রচণ্ড গরমের কারণে শামীম ফকির তার ভাই আবিরকে সঙ্গে নিয়ে কুয়াকাটা-কলাপাড়া সড়কের হাজীপুর সেতুতে ঘুরতে যান। এ সময় কোস্টগার্ড গোয়েন্দা বিভাগের সদস্য মো. মাসুদসহ আরও ৩/৪ জন তাদের ঘিরে ফেলেন। এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে মারধর করা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
এ সময় আবির নিজেকে ছাত্র পরিচয় দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে শামীম ফকিরকে কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে হাতকড়া পরিয়ে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে বৈদ্যুতিক শক দেওয়া হয় এবং অণ্ডকোষ চেপে ধরে নির্মমভাবে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শামীম ফকিরকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উল্লেখ্য, শামীম ফকির কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. গনি ফকিরের ছেলে।
১৩৮ বার পড়া হয়েছে