হাটহাজারীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের হাটহাজারীতে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ওসমান গনি ওরফে মনা (৩৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও হাটহাজারী থানা পুলিশ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ মোট ১৮টি মামলা রয়েছে।
আজ দুপুরে নগরীর ২নং গেইট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের একটি পাঁচতলা ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় ওসমান গনি ওরফে মনাকে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, তিনটি একনলা শর্টগান, পিস্তল ও রাইফেলের গুলি, শর্টগানের কার্তুজ, দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৫১ হাজার টাকা এবং একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি অস্ত্র ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তার দেয়া তথ্যের ভিত্তিতে পলাতক আরও দুই আসামি—হৃদয় ও রাজুর সংশ্লিষ্টতার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমদ খান জানান, গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় অস্ত্র আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে