ময়মনসিংহে হাসপাতালে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৮ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ৮৪ জন শিশু।
রোববার (২৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা।
তিনি জানান, গত ২১ এপ্রিল সাড়ে ৩ বছর বয়সী এক শিশুকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা থেকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে আরও ৩৩ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭৫৫ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালে তিনটি মেডিকেল টিম গঠন করে নতুন ভবনের ৮ম তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
১২৪ বার পড়া হয়েছে