চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনে ১৮ হাজার টাকা জরিমানা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখা যায়, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে এবং ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এ অপরাধে ‘মা আইসক্রিম’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে পরিত্যক্ত মুরগির ফার্মে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে ‘আয়াত বেকারি’কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সব মিলিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
১১৯ বার পড়া হয়েছে