রাজশাহীর দুর্গাপুরে নারী শিক্ষককে জুতাপেটা: তদন্ত কমিটি গঠন
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তিন সদস্যের এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই সময় কলেজের এক নারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগও উঠেছে।
ঘটনাটি তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিবকে (কলেজ-২ অধিশাখা) আহ্বায়ক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালককে (কলেজ-১, সরকারি কলেজ শাখা) সদস্য এবং রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি) সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
১৭০ বার পড়া হয়েছে