সর্বশেষ

সারাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর মৃত্যু, নোবিপ্রবি উপাচার্যের শোক

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) এক শোকবার্তায় উপাচার্য বলেন, নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্নের পর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। তার অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয়ের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, বৃষ্টির এভাবে চলে যাওয়া সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় পরিবার তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। একইসঙ্গে তার মৃত্যুর সঙ্গে জড়িতদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে কঠোর শাস্তি এবং নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানান তিনি।

শোকবার্তায় উপাচার্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি পায়।

উপাচার্য আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টির সর্বশেষ অগ্রগতির খোঁজখবর রাখছিলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপডেট নিচ্ছিলেন। তিনি আশা করেছিলেন, নাহিদা বৃষ্টি সুস্থ ও নিরাপদ অবস্থায় ফিরে আসবেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী—জামিল আহমেদ লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, তারা উভয়েই মারা গেছেন। নাহিদা বৃষ্টির পৈত্রিক বাড়ি ফরিদপুর জেলায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফতেহ নুর রোবেল।

এদিকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নাহিদার বিষয়ে প্রথমদিকে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল।

স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় তার রুমমেটকে আটক করা হয়েছে। নাহিদার বিষয়ে তখনও অনুসন্ধান চলছিল।

তিনি আরও জানান, দূতাবাস থেকে দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এফবিআই ও স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

পরে জানা যায়, জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক মার্কিন নাগরিককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়।

জানা গেছে, জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা যায়। সেদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা গিয়েছিল।

তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু ১৭ এপ্রিল বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর নিখোঁজ ডায়েরি করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন