রাজশাহীতে উচ্ছেদ প্রচেষ্টাকে ‘অন্যায় ও ষড়যন্ত্র’ বললেন ভূমিমন্ত্রী মিনু
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর নওদাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীন পরিবারগুলোকে মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদের উদ্যোগকে ‘অন্যায় ও চক্রান্তমূলক’ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ৪০ থেকে ৪৫ বছর ধরে যারা সেখানে বসবাস করছেন, তাদের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে খাসজমি বন্দোবস্তের ব্যবস্থা করা হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় নগরীর পদ্মা আবাসিক এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি নওদাপাড়া এলাকার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি নিয়ে চলমান দখল ও উচ্ছেদ-সংক্রান্ত বিরোধের বিষয়ে কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “উচ্ছেদের মতো পদক্ষেপ নিতে হলে অন্তত ছয়-সাত দিন সময় দেওয়া উচিত ছিল। হঠাৎ করে ঘরবাড়ি ভেঙে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও দাবি করেন, অতীতে দায়িত্বে থাকা কিছু কর্মকর্তার ব্যর্থতার কারণেই এ ধরনের সংকট তৈরি হয়েছে।
তিনি পূর্ববর্তী সরকারের সময়ের ভূমিদস্যুদের সমালোচনা করে বলেন, লিটন, শাহু ও সাচ্চুর মতো ব্যক্তিরা জনগণের সম্পদ দখলের চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, পুরোনো মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই।
ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীন খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বণ্টনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা জমি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি সমন্বিত প্যানেল গঠনের পরামর্শ দেন, যাতে ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত লড়াই আরও শক্তিশালী হয়। পাশাপাশি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণাও দেন তিনি।
এদিকে, ঘটনার প্রতিবাদে সকাল ১০টা থেকে ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী নিজে সেখানে উপস্থিত হয়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পানি পান করিয়ে অনশন ভাঙান।
১২১ বার পড়া হয়েছে