চাঁদা দ্বন্দ্বে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক সংগঠনগুলোর বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের কর্মবিরতি শুরু হলে পুরো জেলার পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে।
শ্রমিকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় নিয়ে বিরোধ চলছে। উভয় সংগঠনই বাস চলাচলকারী যানবাহন থেকে চাঁদা নিচ্ছে বলে দাবি করা হচ্ছে, যা নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।
ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, আগে নির্ধারিত হারে যৌথভাবে চাঁদা আদায় করা হতো। তবে সম্প্রতি মোটর শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ শহরের হরিপুর এলাকায় আলাদাভাবে চাঁদা তুলতে শুরু করে, যা নিয়মবহির্ভূত বলে দাবি করেন তিনি। এ কারণে শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে বলে জানান তিনি। তার দাবি, সড়কে চাঁদা আদায়ের কোনো অধিকারই কোনো সংগঠনের নেই।
অন্যদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, তারা শুধুমাত্র নিয়ম মেনে বাস থেকে চাঁদা আদায় করছেন। তার অভিযোগ, অন্য সংগঠনটি ট্রাকের পাশাপাশি বাস থেকেও চাঁদা তুলছে, যা তাদের এখতিয়ারভুক্ত নয়।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠক করলেও কোনো সমঝোতা হয়নি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, আলোচনা হলেও দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমাধান সম্ভব হয়নি। তিনি বলেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
১১৯ বার পড়া হয়েছে