রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত কুমারখালীর বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৮:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে যুদ্ধকালীন বিএলএফ-এর ডেপুটি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর মাস্টারের। বৃহস্পতিবার বাদ আসর পান্টি হাইস্কুল মাঠে জানাজা শেষে তাকে পান্টি ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারোয়ারের উপস্থিতিতে পুলিশের একটি দল তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করে। পরে সহযোদ্ধা ও এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
প্রয়াত জাহিদ হোসেন জাফর দীর্ঘ প্রায় ৩৭ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং জেলা পরিষদের সাবেক প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও পালন করেন।
শেষ বিদায়ের আগে বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু বলেন, “জাহিদ হোসেন জাফর ছিলেন বিচক্ষণ, দূরদর্শী ও মানবিক একজন মানুষ। রাজনৈতিক জীবনেও তিনি সততা বজায় রেখেছেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তিনি ১৯৭১ সালের ৩০ মার্চ কুষ্টিয়ার মাটিতে বাঙালির প্রথম সশস্ত্র প্রতিরোধে সম্মুখসারিতে নেতৃত্ব দেন। যুদ্ধকালীন বিএলএফ-এর ডেপুটি কমান্ডার হিসেবে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার সাহসী নেতৃত্ব কুষ্টিয়াকে শত্রুমুক্ত করতে বিশেষ অবদান রাখে।
বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের জানাজায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক, সাধারন সম্পাদক লুৎফর রহমান সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে যশোরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই জরুরি বিভাগের সামনে দুপুর ১টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৩৬ বার পড়া হয়েছে