নরসিংদীতে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগে র্যালি ও সেমিনার অনুষ্ঠিত
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নরসিংদী জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
পরে শিশু একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে জেলার বিভিন্ন ব্যাংকের ১৬৬টি শাখার ব্যবস্থাপকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া পিএলসি লিড ব্যাংক হিসেবে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সেমিনারে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবার সুবিধা, নিরাপত্তা এবং ব্যবহার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম ও কিউআর কোডভিত্তিক পেমেন্টে বিশেষ ছাড়ের বিষয়েও আলোচনা করা হয়। এর মূল লক্ষ্য ছিল ডিজিটাল লেনদেন বৃদ্ধি এবং আর্থিক সচেতনতা আরও জোরদার করা।
বক্তারা নগদ লেনদেনের পরিবর্তে বাংলা কিউআর ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন, যা দ্রুত, সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সহায়ক। তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এর পরিচালক আ ন ম মঈনুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক এবং ব্যাংক এশিয়া পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মির্জা আজহার আহমদ।
১১৭ বার পড়া হয়েছে