বগুড়ার শাজাহানপুরে ইট-বালু ব্যবসায়ী রকিকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় রকি (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকার গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রকি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ জানিয়েছে, অস্ত্র, মাদক, ছিনতাই ও হামলাসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া একটার দিকে হাসপাতালের সামনে রকিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এর কিছুক্ষণ আগে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আক্রমণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে দুটি হাতুড়ি ও দুটি দা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিহতের মোটরসাইকেলও সেখানে পাওয়া যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান জানান, ঈদের আগে রকি জামিনে কারাগার থেকে মুক্তি পান এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
১২৫ বার পড়া হয়েছে