তীব্র গরম ও লোডশেডিংয়ে চরম দুর্ভোগে কলাপাড়ার পরীক্ষার্থীরা
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
ভ্যাপসা গরমের পাশাপাশি বেড়েছে লাগাতার লোডশেডিং, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, দিনে ৪ থেকে ৫ বার এবং রাতে ৬ থেকে ৭ বার পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এর ফলে দৈনন্দিন জীবনযাত্রা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। জেলার প্রায় ২৫ হাজার ২৩০ জন পরীক্ষার্থী এই পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে।
তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষও। কাজ শেষে ঘরে ফিরে স্বস্তির পরিবর্তে তাদের আরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
এসএসসি পরীক্ষার্থী ওসান জানান, “একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বারবার লোডশেডিং—এতে আমাদের পড়াশোনা করা একেবারেই সম্ভব হচ্ছে না।”
অন্য পরীক্ষার্থী সালমা বলেন, “লোডশেডিংয়ের কারণে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। পরীক্ষার প্রস্তুতিও ঠিকভাবে নিতে পারছি না।”
দিনমজুর আব্দুর ছোহরাফ বলেন, “গরমে কাজ করা কষ্টকর হয়ে পড়েছে। বিদ্যুৎ থাকেই না। রাতে পৌর শহরের রাস্তায় লাইট না থাকায় চুরির আতঙ্কে থাকতে হয়।”
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. কাউসার হামিদ বলেন, পৌর সড়কের বাতি বন্ধ করা হয়নি। তবে লাইনের কোনো সমস্যার কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে