বাসভাড়া বেড়ে কোন দূরত্বের ভাড়া কত টাকায় দাঁড়াল
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয় করেছে সরকার। সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা বাসে কিলোমিটারপ্রতি ১১ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলা বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া প্রায় ৪.৫ শতাংশ, আন্তজেলায় ৫.১ শতাংশ এবং ডিটিসিএ এলাকায় ৪.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিচালিত ভাড়া পুনর্নির্ধারণ কমিটি কিলোমিটারপ্রতি ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেলের দাম প্রতি লিটারে প্রায় ১৫ টাকা বাড়াতে হয়েছে। এর প্রভাব পরিবহন খাতে পড়ায় ভাড়া সমন্বয় করা হয়েছে। এ বিষয়ে পরিবহন মালিক, ব্যবসায়ী ও ভোক্তা প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছে বলেও তিনি জানান।
তবে রেল ও লঞ্চভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি সরকারের বিবেচনায় নেই বলে জানান তিনি।
১২৫ বার পড়া হয়েছে