উল্লাপাড়ায় ২,৪২০ লিটার চোরাই পেট্রোলসহ পিকআপ জব্দ, ২ জনকে কারাদণ্ড
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২ হাজার ৪২০ লিটার চোরাই পেট্রোলসহ একটি পিকআপ জব্দ করেছে থানা পুলিশ।
এ ঘটনায় আটক দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের পিকআপ চালক কামরুল ইসলাম এবং তার সহযোগী বাগাবাড়ি ঘাট এলাকার লাভলু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী গামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ড্রামে রাখা বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় পিকআপে থাকা দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, জব্দ করা পিকআপ ও পেট্রোল থানায় সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। জব্দকৃত পেট্রোল সরকারি বিধি অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা।
১১৯ বার পড়া হয়েছে