কুমিল্লায় ৮ হাজারের বেশি সিমসহ বিপুল ভিওআইপি সরঞ্জাম জব্দ
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। অভিযানের সময় অভিযুক্ত ভিওআইপি ব্যবসায়ী পালিয়ে যান।
আজ বুধবার র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে র্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল নগরের কাপ্তান বাজার এলাকায় অবৈধ ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মো. আবু সাঈদ চৌধুরী (৩৪) নামে একজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি কাপ্তান বাজার এলাকার আব্দুল মতিন চৌধুরীর ছেলে।
পরবর্তীতে তার বাসা তল্লাশি করে ৮ হাজার ৩১৮টি মোবাইল সিম, দুটি সিম বক্স, দুটি মনিটর, দুটি সিপিইউ, দুটি রাউটার, একটি ল্যাপটপ, একটি পিসি ও দুটি কিবোর্ড উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, পলাতক আবু সাঈদ চৌধুরী দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লাইসেন্স ছাড়াই অবৈধ ভিওআইপি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি সফটওয়্যারভিত্তিক সুইচের মাধ্যমে আন্তর্জাতিক কল রাউটিং, রাজস্ব ফাঁকি এবং অবৈধ পেমেন্ট ও রিচার্জ সেবা পরিচালনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অবৈধ ভিওআইপি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
১৮৯ বার পড়া হয়েছে