ইছামতি নদী থেকে ৫ মাদক ব্যবসায়ীসহ কোরেক্স সিরাপ উদ্ধার
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকায় ইছামতি নদীতে অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরের দিকে সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস-এর ১২০ আর পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া কোরেক্স সিরাপের পরিমাণ ছিল ২ বোতল।
স্থানীয়দের দাবি, আটককৃতদের কাছে আরও বিপুল পরিমাণ মাদক ছিল, যা বিজিবি ও বিএসএফের উপস্থিতি টের পেয়ে তারা নদীর পানির নিচে লুকিয়ে ফেলতে সক্ষম হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার জামিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নায়েক আরিফ হোসেনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানে আটক করা হয়—ইউসুফ আলী (৩০), সাবু (৪০), হায়দার আলী (২৭), আলমগীর হোসেন (৩০) ও নয়ন মনি (৩৫)।
তিনি আরও জানান, আটক সবাই বেনাপোল পোর্ট থানার গয়ড়া ও পুটখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে