তালায় রেসিং কবুতর উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলায় রেসিং কবুতরপ্রেমীদের নিয়ে এক বর্ণাঢ্য মিলনমেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর আম বাগানে এ আয়োজন করে সাউথ বেঙ্গল রেসিং পিজন অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কবুতর মালিক ও প্রশিক্ষকেরা অংশগ্রহণ করেন। মিলনমেলায় রেসিং কবুতর প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিযোগিতার ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, রেসিং কবুতর পালন কেবল শখ নয়, এটি এক ধরনের ধৈর্য, যত্ন ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ফল। প্রতিটি কবুতরকে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে মালিকদের দীর্ঘ সময় পরিশ্রম করতে হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রেসিং কবুতরের ইতিহাস বহু পুরোনো। ইউরোপে একসময় রাজপরিবারের সদস্যরাও এ খেলার সঙ্গে যুক্ত ছিলেন, যার কারণে একে “দ্য স্পোর্ট অব কিংস” বলা হয়। বর্তমানে বাংলাদেশেও এ খেলার জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে।
আয়োজকদের দাবি, একটি রেসিং কবুতর সাধারণত ১০ থেকে ১৫ বছর বাঁচে এবং ৫ থেকে ৭ বছর পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে পারে। তবে দেশে কেন্দ্রীয়ভাবে বড় পরিসরে কোনো জাতীয় মিলনমেলা না থাকায় অনেক প্রতিভাবান অংশগ্রহণকারী সুযোগ থেকে বঞ্চিত হন।
তারা আরও জানান, জাতীয় পর্যায়ে নিয়মিত আয়োজন করা গেলে রেসিং কবুতর খেলা আরও সংগঠিত ও জনপ্রিয় হয়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ বেঙ্গল রেসিং পিজন অ্যাসোসিয়েশন ও নোয়াপাড়া পিজিওন লফ্টের পরিচালক আরিফুল ইসলাম।
বক্তব্য দেন সাতক্ষীরার মনিরুল ইসলাম, কুষ্টিয়ার রাকিব পরামানিক, মাগুরার মাজেদুল ইসলাম ও মেহেদি হাসান শাওন, রাজবাড়ির সোহানুর ইসলাম, গোপালগঞ্জের ইসমাইল গাজী, বরিশালের হাজী হোসেল, বরগুনার শাহীদুল ইসলাম স্বপন, পটুয়াখালীর আজাদুল ইসলাম, ঝালকাঠির জিয়াউল হাসান এবং কুমিল্লার আরিফ আহমেদ।
এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদার এবং প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কবুতর মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১২৩ বার পড়া হয়েছে