ড্রেন বন্ধের প্রতিবাদে নির্মাণাধীন ভবনের মালিকের ছেলে ও মেয়ে জামাই এর হামলায় ৪ জন আহত।
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ২:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকায় ড্রেন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করায় এক পরিবারের ওপর নির্মম হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লোহার রড দিয়ে পিটিয়ে চারজনকে গুরুতর আহত করা হয়েছে।
আহতরা হলেন মো. ফজলুল হক (৫৮), তার ছেলে মিরাজুল হক, শরিফ ও দোকান কর্মচারী হৃদয় মিয়া। গত সোমবার (১৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলুল হকের টিনশেড বাড়ির সামনে নির্মাণাধীন একটি তিনতলা ভবন থেকে নিয়মিত ইট, বালু ও সিমেন্ট পড়ে ড্রেনটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। একাধিকবার অভিযোগ জানানো হলেও ভবন মালিক কোনো ব্যবস্থা নেননি। পরে বাধ্য হয়ে তিনি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী এনে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেন।
পরিচ্ছন্নতাকর্মীরা কাজ শুরু করলে ফজলুল হক নির্মাণ সামগ্রী ড্রেনে না ফেলতে ভবন মালিকের ছেলে নিহালসহ তার পরিবারের সদস্যদের অনুরোধ জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, নিহাল ও তার ভগ্নিপতি আনোয়ারের নেতৃত্বে ৪–৫ জনের একটি দল ফজলুল হকের ওপর হামলা চালায়। পিতাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছেলে মিরাজুল হককেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তার পিঠ, হাত ও ঘাড়ে গুরুতর জখম হয়।
এছাড়া শরিফ ও হৃদয় মিয়াকেও মারধর করে রক্তাক্ত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার পর অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহাল, আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন জানান, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৩৩ বার পড়া হয়েছে