শাকপালা পার্কে ডেকে নিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, আহত ২
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন (এসএসসি পরীক্ষার্থী)। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার শাকপালা পার্কে পূর্ব বিরোধ মীমাংসার কথা বলে সিয়াম হোসেন ও তার সহযোগী তুহিনকে ডেকে নেয় প্রতিপক্ষের কয়েকজন। সেখানে পৌঁছানোর পরই অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে সিয়াম ও তুহিন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তুহিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনার পর উত্তেজিত হয়ে সিয়াম ও তুহিনের স্বজনরা প্রতিপক্ষের তুর্য নামের এক ব্যক্তিকে মারধর করেন। আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে