টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করল র্যাব
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মুক্তিপণের জন্য অপহৃত তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১৬ এপ্রিল দিবাগত রাতে পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫, কক্সবাজারের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গত ১০ এপ্রিল দুপুরে রাজমিস্ত্রির কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় ডেকে নেয় একটি সংঘবদ্ধ চক্র। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার করাচি পাড়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পর ১২ এপ্রিল ভুক্তভোগীদের পরিবার কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বিষয়টি র্যাবকে জানানো হলে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে বাহিনীটি।
পরবর্তীতে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের দুটি দল টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা ও হ্নীলা বাজারে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) এবং আয়াত উল্লাহ (২২)। তাদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়া এলাকায়।
উদ্ধার হওয়া তিনজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
২১৪ বার পড়া হয়েছে