সর্বশেষ

সারাদেশ

বিএমডিএ’র আধুনিক সেচে বদলে গেছে চাঁপাইনবাবগঞ্জ, বেড়েছে ফসল ও কৃষকের স্বস্তি

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের এক সময়ের খরাপ্রবণ ও অনাবাদি বরেন্দ্র অঞ্চল এখন পরিণত হয়েছে দেশের গুরুত্বপূর্ণ শস্যভাণ্ডারে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর আধুনিক সেচ প্রযুক্তি, খাল পুনঃখনন এবং ভূ-পরিস্থ পানির কার্যকর ব্যবহারের ফলে এ অঞ্চলের কৃষিতে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।

সদর উপজেলার প্রবীণ কৃষক জুবায়ের হোসেন জানান, বিএমডিএ’র উদ্যোগে নদী থেকে খাল কেটে পানি আনা এবং পুকুর সংস্কারের ফলে চাষাবাদ এখন অনেক সহজ হয়েছে। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তরও স্থিতিশীল থাকছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

অন্য কৃষক আব্দুল মাতিন বলেন, ১৯৯০-এর দশকের শুরুতে বিএমডিএ প্রতিষ্ঠার পর থেকেই এই অঞ্চলের কৃষিতে পরিবর্তনের সূচনা হয়। আগে যেখানে জমি অনাবাদি ছিল, এখন সেখানে একাধিক ফসল উৎপাদন হচ্ছে।

বিএমডিএ’র তথ্য অনুযায়ী, জেলার ৬২ হাজার হেক্টর জমিতে ১৬৩৯টি পাম্পের মাধ্যমে বছরে তিন ফসল উৎপাদন হচ্ছে। এতে উপকৃত হচ্ছেন প্রায় ১ লাখ ৩২ হাজার কৃষক পরিবার। এছাড়া মহানন্দা ও পুনর্ভবা নদী থেকে পানি তুলে আরও ৪ হাজার হেক্টর জমিতে সেচ দেওয়া হচ্ছে।

প্রতি বছর প্রায় ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ফসল উৎপাদিত হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ১৬২৫ কোটি টাকা। পানির সাশ্রয়ের জন্য চালু করা হয়েছে স্মার্ট কার্ডভিত্তিক প্রিপেইড মিটার ব্যবস্থা।

পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংস্থাটি। এখন পর্যন্ত প্রায় দেড় কোটি গাছ রোপণ করা হয়েছে। পাশাপাশি ২৩০ কিলোমিটার খাল ও ১০৯১টি পুকুর পুনঃখননের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো হয়েছে।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও রয়েছে উল্লেখযোগ্য অবদান। প্রায় ২ লাখ মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা, ১৪০০ কিলোমিটার সেচ নালা এবং ১৮৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ কৃষিপণ্য পরিবহনকে সহজ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশিদ জানান, মহানন্দা নদীর পানি ব্যবহার করে আরও ১৮ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পৌঁছে দিতে দুটি বড় প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এসব প্রকল্পে খাল ও পুকুর পুনঃখনন, বৃক্ষরোপণ এবং সোলার সেচ ব্যবস্থার পরিকল্পনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, অভিজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে বিএমডিএ’কে আরও বেশি সম্পৃক্ত করা গেলে বরেন্দ্র অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সার্বিকভাবে, আধুনিক প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের সমন্বয়ে বিএমডিএ’র কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন