ময়মনসিংহে তুচ্ছ বিরোধে গৃহবধূ খুন, স্বামী-স্ত্রী আটক
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ২:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে পারিবারিক তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কোতোয়ালী মডেল থানার দাপুনিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিজ জমিতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় অভিযুক্ত খলিলুর রহমান খলিল (৩৫) ঘর থেকে ছুরি এনে সুমি ওরফে সুমা নামের ওই গৃহবধূকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি খলিলুর রহমান খলিল এবং তার স্ত্রী নাছিমা আক্তার (৪০)-কে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
১২৫ বার পড়া হয়েছে