চাঁদপুরে জাটকা ধরায় ২২ জেলে আটক
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে ২২ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, একজনকে অসুস্থতার কারণে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদর উপজেলার অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে জাটকা ধরার সময় ২২ জন জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৫টি মশারী জাল ও ৫টি মাছ ধরার নৌকা।
পরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। আদালত একজনকে ৩ মাসের কারাদণ্ড, ৩ জনকে ২১ দিন করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং আরও ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া একজন ক্যান্সার আক্রান্ত হওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
আটক জেলেদের বাড়ি চাঁদপুরের পুরান বাজার, দোকানঘর, বহরিয়া, লক্ষ্মীপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
১২০ বার পড়া হয়েছে