চট্টগ্রামের ডিসি রোডে নির্মাণাধীন ভবনে কলেজ ছাত্রকে হত্যা
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের ডিসি রোড এলাকায় আশফাক কবির সাজিদ নামে এক কলেজ শিক্ষার্থীকে মারধরের পর আটতলা একটি নির্মাণাধীন ভবনের লিফটের শূন্যস্থানে ফেলে হত্যার ঘটনা ঘটেছে।
ঘটনাটি গত রোববার রাতে চকবাজার থানার ডিসি রোড এলাকার মৌসুমি আবাসিকের একটি নির্মাণাধীন ভবনে ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার চকবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে ভবনটির নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আশফাক কবির চট্টগ্রাম নগরের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি ভাড়া বাসায় তিনি বসবাস করতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মোবাইল ফোনে ডেকে বাকলিয়া এক্সেস রোডের মৌসুমি আবাসিক এলাকার মোড়ে নিয়ে যান। সেখানে কথা বলার সময় আইমন, অনিক, রানা মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল যুবক ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরবর্তীতে তাদের হাত থেকে বাঁচতে আশফাক একটি নির্মাণাধীন ভবনে ঢুকে ভেতর থেকে গেট বন্ধ করে আটতলায় উঠে যান। তবে হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। এরপর হামলাকারীরা ভবনের ওপরের তলায় উঠে আশফাককে মারধর করে এবং একপর্যায়ে তাকে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
১৩২ বার পড়া হয়েছে