বায়তুশ শরফ মাদ্রাসায় ফাজিল শ্রেণির উদ্বোধন, ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।
ফাজিল (ডিগ্রি) শ্রেণির উদ্বোধন, দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দুপুরে খাগড়াছড়ি বায়তুশ শরফ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পীর সাহেব, লেখক ও গবেষক আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদবী। তিনি বলেন, জ্ঞানচর্চা থেকে দূরে সরে যাওয়ার কারণে বর্তমানে মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। তিনি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই এবং সু-শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনও অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে বায়তুশ শরফ মাদ্রাসা প্রত্যন্ত অঞ্চলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেখানে শিক্ষার প্রসার ঘটবে, সেখানে উন্নত জীবনব্যবস্থারও পরিবর্তন আসবে। এ সময় তিনি বায়তুশ শরফের কার্যক্রম সম্প্রসারণের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী স্বাগত বক্তব্য দেন বায়তুশ শরফ খাগড়াছড়ি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু ওসমান। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি বায়তুশ শরফ কমপ্লেক্স মাদ্রাসার সভাপতি মো. লিয়াকত আলী চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন শেঠ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাব্বির আহম্মদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারুণ আর রশীদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথিসহ আগত অতিথিরা ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাশাপাশি ২০২৫ সালে উন্নীত হওয়া ফাজিল (ডিগ্রি) শ্রেণির আনুষ্ঠানিক ক্লাসের উদ্বোধন করা হয়।
১৫২ বার পড়া হয়েছে