জায়মা রহমানকে নিয়ে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে সৃষ্ট বিতর্কের বিষয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিশুদের সঙ্গে তার রাজনৈতিক কথোপকথনের ওই ভিডিও নিয়ে সমালোচনার জবাবে তিনি দাবি করেছেন, এটি অনেক আগের এবং নির্বাচনের পূর্বের ঘটনা।
ভিডিওতে দেখা যায়, শিক্ষামন্ত্রী একদল স্কুলশিক্ষার্থীর সঙ্গে কথা বলছেন। এ সময় তিনি তাদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনির নাম কী?’ পরে তিনি বলেন, ‘তোমরা বড় হয়ে জায়মা রহমানর সঙ্গে রাজনীতি করবা।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বুধবার সকালে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। সভায় সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ভিডিওটি অনেক আগের। নির্বাচনের আগে তিনি তার এলাকায় গিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, আর এখন সেটি নতুন করে ভাইরাল করে তাকে সমালোচনার মুখে ফেলা হচ্ছে।
তিনি আরও বলেন, ফেসবুকে তাকে নিয়ে অহেতুক সমালোচনা করা হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় লটারি বাতিলসহ বিভিন্ন সিদ্ধান্তের পর থেকে তাকে নিয়ে ট্রল বেড়েছে। এখন যেকোনো বিষয় পেলেই সেটিকে ইস্যু করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জায়মা রহমান প্রসঙ্গে তিনি বলেন, আগামী দিনের নেতৃত্ব নিয়ে স্বপ্ন দেখা দোষের কিছু নয়। আমরা যেমন একসময় তারেক রহমানকে নিয়ে স্বপ্ন দেখেছি, তেমনি ভবিষ্যতে জায়মা রহমানও নেতৃত্বে আসতে পারেন—এমন আশা করা যেতেই পারে।
এ সময় সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যাচাই-বাছাই না করেই তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন। এখন যেন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
ভাইরাল ভিডিওটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
১৭১ বার পড়া হয়েছে