ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় বালু ধসে শ্রমিক নিহত
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে বালু–পাথর উত্তোলনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় ফয়জুর রহমান (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফয়জুর রহমান উপজেলার পুরান মেঘারগাঁও গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন শ্রমিক নৌকায় করে সংরক্ষিত ওই এলাকায় বালু–পাথর উত্তোলনের কাজে যান। এর আগে বিকেল থেকেই ফয়জুর রহমানসহ কয়েকজন সেখানে কাজ করছিলেন। সন্ধ্যার পর হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে তারা কিছু সময় কাজ বন্ধ রাখেন। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু করার সময় ওপর থেকে হঠাৎ বালুর স্তূপ ধসে পড়ে ফয়জুর রহমান চাপা পড়েন।
সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে দয়ার বাজার হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎজ্যোতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১৩ জানুয়ারিতেও একই এলাকায় বালু-পাথর চাপায় লিটন মিয়া নামে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, যা শ্রমিকদের জীবনের জন্য চরম ঝুঁকি তৈরি করছে।
১৪৫ বার পড়া হয়েছে