সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ঝড়ে নিখোঁজ ৭ জেলে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া ৭ জন জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উদ্ধারকৃত জেলেদের স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা শ্যামনগর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বুড়িগোয়ালিনী গ্রামের শুকুর আলী সরদার, কাশিমাড়ী গ্রামের আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষী গ্রামের তৈবুর রহমান ও রাশিদুল ইসলাম, গোদাড়া এলাকার ওলিউর রহমান, ইকরামুল কবির এবং আব্দুর রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন।
বন বিভাগ জানায়, গত ১ এপ্রিল পাস নিয়ে মোট ৮ জন মৌয়াল মধু আহরণের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করেন। ৬ এপ্রিল রাতে কাচিকাটা এলাকায় আকস্মিক ঝড়ের কারণে তাদের নৌকা ডুবে যায়। এতে কয়েকজন ভেসে বিভিন্ন টহল ফাঁড়িতে পৌঁছান এবং বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করেন। পরবর্তী সময়ে আরও কয়েকজনকে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় একজন জেলে ভারতের অভ্যন্তরে আটক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া আকবর নামের আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, পৃথক অভিযানে উদ্ধার হওয়া ৭ জন জেলেকে মঙ্গলবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর সুন্দরবন এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে বন বিভাগ।
১৪৪ বার পড়া হয়েছে