মোংলায় অবৈধ তেল উদ্ধারে যৌথ অভিযান, সাড়ে ১২ হাজার লিটার ডিজেলের সন্ধান
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১০:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলায় যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ‘মোংলা অয়েল ইনস্টলেশন’-এ গভীর রাতে অভিযান চালানো হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌবাহিনী, এনএসআই ও পুলিশ যৌথভাবে রবিবার মধ্যরাত ১টার দিকে অভিযান পরিচালনা করে অবৈধ ডিজেল মজুদের সন্ধান পান। এই ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় যৌথ বাহিনী প্রতিষ্ঠানটির তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ পরিমাপ ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে। এতে মোট ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত তেল পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।
বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস বলেন, অবৈধভাবে মজুদকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় বিপিসি বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে এবং বিপিসি কর্তৃপক্ষই পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও জানান, দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।
২২৪ বার পড়া হয়েছে