ছাতকে মসজিদের তহবিল লুটের ঘটনায় হত্যাকাণ্ড: দ্রুত বিচার ও গ্রেফতারের দাবি
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে মসজিদের তহবিল লুটের প্রতিবাদ করায় ফজল মিয়াকে হত্যার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামে মসজিদের তহবিল লুটের ঘটনার প্রতিবাদ করায় ফজল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা বলেন, শান্তিপূর্ণ একটি এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ড দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
এ সময় মামলার এজাহারভুক্ত আসামি মাসুক মিয়া, নুরই মিয়া, হারুন মিয়া, তারেক মিয়া, কাদির মিয়া, জুনেদ আহমদ, শিবলু মিয়া ও জলীল মিয়াকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা সতর্ক করে বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে নিহত ফজল মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
২০৮ বার পড়া হয়েছে