মির্জা ফখরুলের বাড়িতে উদ্বোধন হলো প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর ঠাকুরগাঁও শহরের পৈত্রিক বাসভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান। পরিবারের পক্ষ থেকে এই মিটার গ্রহণ করেন মন্ত্রীর ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন।
উদ্বোধনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে তাঁর বাসভবনেই আধুনিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় দ্রুতগতিতে এসব মিটার স্থাপন করা হবে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, প্রি-পেইড মিটার চালুর মাধ্যমে গ্রাহকরা নিজেদের বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাবেন, অপচয় কমবে এবং ভুতুড়ে বিলের ঝামেলাসহ সব বিল-সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে। পর্যায়ক্রমে পুরো জেলায় এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, রাজশাহী বিভাগীয় ডিজিএম সাজ্জাদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) ও প্রি-পেইড মিটার কর্মসূচিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত মামুনূর রশীদ, সদ্য বদলিকৃত নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এবং নবাগত নির্বাহী প্রকৌশলী সুমন আলী।
১৮১ বার পড়া হয়েছে