সর্বশেষ

সারাদেশ

গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় থানা পুলিশের কিছু সদস্য জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের ইউএনও সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন। সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।

সভায় এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, মাটিখেকোরা মাটি কাটার আগে পুলিশকে সময় জানিয়ে দেয়। পরে এসিল্যান্ড বা ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের সতর্ক করা হয়। ফলে প্রশাসন গিয়ে কাউকে হাতে-নাতে পায় না। তিনি দাবি করেন, জরিমানা করলেও তা সংশ্লিষ্টরা ‘ইনভেস্টমেন্ট’ হিসেবে ধরে নেয়, যা তাদের কার্যক্রম বন্ধে কার্যকর হচ্ছে না।

তিনি বলেন, সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে এবং এতে থানা পুলিশের কিছু সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে। আগের রাতে নদীর বিভিন্ন স্থান পরিদর্শনে গিয়ে তিনি দেখেছেন, তার উপস্থিতির খবর পেয়ে কেউ মাটি কাটার সাহস করেনি বলেও জানান।

প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে এমপি বলেন, দেবিদ্বারের পাঁচটি নির্দিষ্ট স্পটে আর যেন এক কোদাল মাটিও কাটা না হয়। যদি তা হয়, তাহলে আইনগত ব্যবস্থা নিতে হবে; অন্যথায় তিনি প্রশাসনের বিরুদ্ধে প্রশ্রয়ের অভিযোগ তুলবেন। এ ক্ষেত্রে পুলিশের সক্রিয় ও দৃশ্যমান ভূমিকার ওপর জোর দেন তিনি।

এদিকে দেবিদ্বার নিউ মার্কেট স্থানান্তর প্রসঙ্গেও বক্তব্য দেন সংসদ সদস্য। তিনি বলেন, সড়কের ডিভাইডারের ওপর দোকান বসানোর কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে তিনি পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেটে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার কথা জানান। প্রশাসনকে দ্রুত বাজারগুলো প্রস্তুত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে ব্যবসায়ীদের আইনগতভাবে সেখানে যেতে বাধ্য করা হবে।

দেবিদ্বারকে পরিকল্পিত ও যানজটমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন