রাজশাহী-২ থেকে নির্বাচিত মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে বিজয়ী হয়ে বিএনপির বর্ষীয়ান নেতা মিজানুর রহমান মিনু পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এই নির্বাচনকে সঙ্গে করে ৪৬ বছর পর রাজশাহী সদরে পূর্ণ মন্ত্রিত্ব ফিরল।
রাজশাহী-২ আসন থেকে মন্ত্রিত্ব পাওয়ার আগের উদাহরণ হিসেবে উল্লেখযোগ্য, ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এমরান আলী সরকার ছিলেন মন্ত্রী। স্বাধীনতার পরবর্তী সময়ে সদর আসন থেকে বিভিন্ন সময় মন্ত্রী হয়েছেন এ এইচ এম কামারুজ্জামান (আওয়ামী লীগ), সরদার আমজাদ হোসেন (এরশাদের সময়ে) এবং ২০০১–২০০৬ সালে ব্যারিস্টার আমিনুল হক (বিএনপি)। এছাড়া ২০১৭–২০২৪ সালে শাহরিয়ার আলম রাজশাহী-৬ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মিজানুর রহমান মিনু দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাত্র ৩২ বছর বয়সে তিনি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এর মেয়র নির্বাচিত হন এবং ১৭ বছর ধরে টানা মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার তিনি প্রথমবার পূর্ণ মন্ত্রী হয়েছেন।
মন্ত্রী হওয়ার খবরে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মিজানুর রহমান মিনু বলেন, 'মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।'
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, 'মিনু ভাই আধুনিক রাজশাহীর রূপকার। তিনি নিজের সন্তানের মতো করে শহরকে গড়ে তুলেছেন। তাকে মূল্যায়ন করা হয়েছে। এজন্য আমরা রাজশাহীবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাই।'
৩০৪ বার পড়া হয়েছে