জয়পুরহাটে ব্যালট পেপার ফটোকপির অভিযোগে ৩ জন গ্রেফতার
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের কালাই উপজেলায় মূল ব্যালট পেপার ফটোকপি করে প্রার্থীদের কর্মীদের মাঝে বিতরণের অভিযোগে একটি ফটোকপি দোকানের মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাত্রাই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফটোকপি দোকানের মালিক নির্মল চন্দ্র সরকার (৫১) এবং তার দোকানের দুই কর্মচারী জহুরুল ইসলাম (২৬) ও মোস্তাফিজুর রহমান (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্রাই বাজারের একটি দোকানে মূল ব্যালট পেপার সংগ্রহ করে সেগুলোর ফটোকপি তৈরি করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিতরণ করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সেনাবাহিনী এবং পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ফটোকপি করা বেশ কয়েকটি ব্যালট পেপার উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে দোকান মালিক ২৭২টি ব্যালট পেপার ফটোকপি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে তাদের আটক করে থানায় নেওয়া হয়।
ওসি রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
৪৯৪ বার পড়া হয়েছে