ঝিনাইদহে ধানক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামে ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ৬৫ বছর বয়সী কৃষক ইসাহাক আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠে।
মৃতক ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতার মৃত রুস্তম আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা দাবি করেছেন, ইসাহাক আলীকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা বেঁধে এবং গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪০৮ বার পড়া হয়েছে