যমুনার ভাঙনে বিলীন দৌলতপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের নিজভারাঙ্গা এলাকায় যমুনা নদীর অব্যাহত ভাঙনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮৭নং নিজভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির একাংশ কয়েকদিন আগে নদীতে ধসে যাওয়ার পর শনিবার (৭ জুন) দুপুরে ভবনের বাকি অংশও সম্পূর্ণরূপে নদীগর্ভে চলে যায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, বিদ্যালয়ের কিছু আসবাবপত্র সরিয়ে নেওয়া গেলেও অধিকাংশ সামগ্রী নদীতে তলিয়ে গেছে।
দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন বলেন, ঘটনার খবর পাওয়ার পর এলজিইডির প্রকৌশলী শুক্রবার ঘটনাস্থলে পাঠানো হয়, তবে শনিবার জানা যায় পুরো ভবনটি নদীতে বিলীন হয়ে গেছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, নদীর ভাঙন অব্যাহত থাকলে আরও বেশ কয়েকটি বসতঘর এবং গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে তলিয়ে যেতে পারে।
৪৪৭ বার পড়া হয়েছে