বান্দরবানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল “দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই”।
সোমবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. জামিউল হায়দার। এতে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজউদ্দিন ইকবাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল করিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা সংস্থা অর্থনৈতিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আসছে। শুরুতে জেলা পর্যায়ে চালু হলেও বর্তমানে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামের শ্রম আদালত এবং দেশের বিভিন্ন কারাগারেও এ সেবা সম্প্রসারিত হয়েছে। ২৮ এপ্রিলকে প্রতিবছর জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে পালন করা হচ্ছে—আইনি সহায়তা ব্যবস্থাকে আরও জনবান্ধব করার প্রত্যয়ে।
৪৪১ বার পড়া হয়েছে