সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, পালালেন সন্দেহভাজন ২ যুবক
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসে ১৬ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই তাঁরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদে সরে যান। তবে বাসের পেছনের দিকে থাকা দুই যুবক পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় মেঘলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি ঘটে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মৌচাক এলাকায় মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে ইউটার্নের কাছে।
জানা গেছে, মেঘলা পরিবহনের বাসটি ১৬ জন যাত্রী নিয়ে গাউছিয়া থেকে রাজধানীর কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটি মৌচাক এলাকায় পৌঁছালে সন্দেহভাজন দুই যুবক বাসের পেছনের দিকে চলে যান। কিছুক্ষণ পর বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়।
এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। তবে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
১০৭ বার পড়া হয়েছে