ধোবাউড়ায় ১১ কিলোমিটার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রিন্স
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন। অন্যদিকে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে পরনির্ভরশীল ও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে আর আধিপত্যবাদের খেলা চলবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
দিনব্যাপী সরকারি সফরে ধোবাউড়ায় গিয়ে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০টি প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ করা ৩৯ লাখ টাকার প্রথম কিস্তির ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন কমিটির কাছে হস্তান্তর করেন।
এ সময় প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সুরক্ষার পাশাপাশি জনগণের আর্থসামাজিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার, প্রশাসন, জনগণ ও বিএনপি ঐক্যবদ্ধভাবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসেন। বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মজিবর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, অনুদান পাওয়া প্রতিষ্ঠানের পক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, হযরত আলী ও প্রভাষক আমিনুল ইসলাম।
এ ছাড়া ধোবাউড়া উপজেলায় আরও ৯টি প্রকল্পে ময়মনসিংহ জেলা পরিষদ থেকে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পরে উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে যৌথ সভায় অংশ নেন। এ সময় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহযোগিতার পাশাপাশি গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নিজ নিজ এলাকা ও সীমান্তবর্তী অঞ্চলে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এরপর দুপুরে ঘোষগাঁও ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কেশিয়াপাড়া গ্রামে প্যাঁচাই খাল পুনঃখননকাজের উদ্বোধন করেন প্রিন্স। স্থানীয় বাসিন্দা ও সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে এবং ভিত্তিফলক উন্মোচনের মাধ্যমে ১১ কিলোমিটার দীর্ঘ খালটির পুনঃখননকাজের সূচনা করেন তিনি।
জাপানভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় ৫ কিলোমিটার মূল খাল এবং ৫টি শাখা খালের ৬ কিলোমিটারসহ মোট ১১ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
পরে এরশাদ বাজারে প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে জনসমাবেশে বক্তব্য দেন তিনি।
সমাবেশে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, অন্য কোনো শক্তির অধীন হওয়ার জন্য নয়। যে জাতি বারবার রক্ত দিয়ে গোলামির শৃঙ্খল ভেঙেছে, সেই জাতি আর কখনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।
দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি এলাকায় নজরদারি বাড়াতে হবে, যাতে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করতে না পারে।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হবে। যে স্বার্থবাদী ও ক্ষমতালোভী নেতৃত্ব তাঁদের বিপদের মুখে ফেলে বিদেশে পালিয়ে গেছে, তাদের নির্দেশে আবারও আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ বিপন্ন করা উচিত হবে না।
খাল পুনঃখনন প্রসঙ্গে প্রিন্স বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল কৃষি বিপ্লব ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ। সেই উন্নয়ন দর্শনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে।
প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, মাহবুবুল আলম বাবুল, আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এবং সমিতির সাধারণ সম্পাদক আদম আলী।
১১৭ বার পড়া হয়েছে