সর্বশেষ

সারাদেশ

মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেলিম নামে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে চার বছর বয়সী শিশু আব্দুর রহিম। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। সংঘর্ষের মধ্যে মেঘনার একটি শাখা নদীতে আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে দীর্ঘদিন ধরে রহিম মোল্লা ও আওলাদ হোসেনের সমর্থকদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে অতীতেও একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত সপ্তাহেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের সমর্থকেরা।

চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়লে শুরু হয় দফায় দফায় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ। স্থানীয়দের দাবি, কয়েক ঘণ্টার সংঘর্ষে কয়েক শ ককটেল বিস্ফোরিত হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারেননি।

সংঘর্ষের মধ্যে ককটেলের স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হয় আশুরান গ্রামের চার বছর বয়সী শিশু আব্দুর রহিম। তার পেট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই ঘটনায় সবুজ মোল্লা নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে সংঘর্ষে গুরুতর আহত সেলিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত সেলিমকে নিজেদের পক্ষের লোক বলে দাবি করে দুই পক্ষের সমর্থকেরা হাসপাতালে জড়ো হন। এ সময় নিহত ব্যক্তির ভাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টানাহেঁচড়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দুজনই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। রাজনৈতিক বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাঁদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার একটি শাখা নদী সাঁতরে পার হওয়ার সময় আলমগীর দালাল (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে এ খবর পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। অভিযান অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও একটি শিশু আহত হয়েছে। একজন নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের অভিযানে একটি একনলা বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার করা হয়েছে। মোল্লাকান্দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিগগিরই একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে।

একের পর এক সংঘর্ষ, গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় মোল্লাকান্দি এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় আধিপত্য বিস্তারের বিরোধে একজনের মৃত্যু এবং চার বছর বয়সী শিশুর গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে জোরালো অভিযান পরিচালনা, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০