শিবগঞ্জে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একই দিনে মারা গেছেন দুই বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী মিয়া ও শাবান আলী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁদের মৃত্যুতে মুক্তিযোদ্ধা পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া দুই বীর মুক্তিযোদ্ধার মধ্যে মহসিন আলী মিয়া উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম বজলার রহমান বেজু মিয়ার তৃতীয় ছেলে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী মিয়া বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে চৈতন্যপুর গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এর আগে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
অন্যদিকে, বীর মুক্তিযোদ্ধা শাবান আলী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর খোঁজপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় জানাজা শেষে নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
দুই বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
১১৮ বার পড়া হয়েছে