হামলার আশঙ্কায় গ্রাহকদের সতর্ক করল গোপালগঞ্জ ওজোপাডিকো
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা না চালানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)। হামলার আশঙ্কায় প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি অনুরোধমূলক পোস্ট ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দলমত-নির্বিশেষে সব শ্রেণির গ্রাহকের প্রতি এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে যেন কেউ হামলার লক্ষ্যবস্তু না করেন।
এতে আরও বলা হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
এ বিষয়ে ওজোপাডিকোর গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গত ১৯ নভেম্বর ১০০ থেকে ১৫০ জন মানুষ তাঁর কার্যালয়ের চত্বরে প্রবেশ করেন। এ সময় তাঁরা কার্যালয়ের একটি কাচ ভাঙচুর করেন এবং বঙ্গবন্ধুর ছবি টানিয়ে দেন।
তিনি বলেন, ওই ঘটনার পর থেকে হামলার আশঙ্কায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে গিয়ে কাজ করতে ভয় পাচ্ছেন। কর্মীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিভিন্ন স্থানে গিয়ে দায়িত্ব পালন করেন। ভবিষ্যতে তাঁদের যানবাহন কিংবা জনবলের ওপর হামলা হলে স্বাভাবিকভাবে কাজ করা সম্ভব হবে না। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্টটি দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ১৯ নভেম্বরের ঘটনার পর বিদ্যুৎ কার্যালয়ের নিরাপত্তার বিষয়টি প্রশাসনকেও অবহিত করা হয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে সবার বিরত থাকা উচিত। অন্যথায় সাধারণ মানুষকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হতে পারে।
১১৮ বার পড়া হয়েছে