দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খামারিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের উৎসাহিত করা এবং আধুনিক ও নিরাপদ প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও সচেতন ও উদ্বুদ্ধ করা প্রয়োজন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মতো আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা এবং আধুনিক ব্যবস্থাপনায় খামারিদের আগ্রহী করে তোলা।
১০৪ বার পড়া হয়েছে