গাজায় হামাসের আরেক জ্যেষ্ঠ নেতাকে হত্যার দাবি ইসরাইলের
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজায় বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ নেতা খালেদ আবু নাদাকে হত্যার দাবি করেছে ইসরাইল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ।
হামাসের জ্যেষ্ঠ নেতা খালেদ আবু নাদাকে হত্যার দাবি করেছে ইসরাইল। গাজায় বিমান হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এ তথ্য জানান। তাঁরা বলেন, হামাসের বিভিন্ন পর্যায়ের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। হামাসের কোনো নেতা বা সদস্যই ইসরাইলি বাহিনীর হামলা থেকে রেহাই পাবেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, গত এক মাসে ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের প্রায় ৮০ জন সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির প্রত্যেক সদস্যকে লক্ষ্যবস্তু করা এবং তাঁদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনার অভিযান অব্যাহত থাকবে।
ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, হামলায় নিহত ব্যক্তি নিরীহ কেউ ছিলেন না। তিনি ইসরাইলের জন্য হুমকি ছিলেন, যা প্রতিহত করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজায় হামাসের রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ এই কর্মকর্তাকে হত্যার ঘটনা ইসরাইলের লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ডের কৌশলে নতুন মাত্রা যোগ করতে পারে। এর মাধ্যমে গাজায় হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করছে ইসরাইল।
প্রতিবেদন অনুযায়ী, গাজার প্রায় ৩০ শতাংশ এলাকায় হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। সংগঠনটি সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, জ্বালানি, শিক্ষা ও অর্থনীতিসহ বিভিন্ন নাগরিক সেবা পরিচালনা করে। এসব খাতের দায়িত্বে থাকা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করে হামাসের প্রশাসনিক কাঠামো দুর্বল করতে চায় ইসরাইল।
এদিকে চলতি সপ্তাহে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের আরও দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইলি বাহিনী।
গত বুধবার গাজা সিটিতে নিজ বাড়িতে ইসরাইলি হামলায় হামাসের উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মুহাম্মদ মাজেদ আবু আল-ওফ নিহত হন। ইসরাইলি সামরিক সূত্রের দাবি, ওই হামলায় তাঁর স্ত্রী ও সন্তানরাও নিহত হয়েছেন।
এর আগের দিন হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের সাবেক প্রধান নাঈম আবু নাহেলকে হত্যার বিষয়টি নিশ্চিত করেন নেতানিয়াহু ও কাৎজ।
এ ছাড়া এর আগে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ হাসান আবু ইউনিস নিহত হওয়ার খবর জানিয়েছিল ইসরাইলি সামরিক বাহিনী।
ইসরাইলি বাহিনীর দাবি, নাঈম আবু নাহেল হামাসের এমন একটি অভ্যন্তরীণ গোষ্ঠীর সদস্য ছিলেন, যাঁরা ইসরাইলি সেনাসদস্য অরন শাউলের মরদেহের অবস্থান সম্পর্কে জানতেন। ২০১৪ সাল থেকে হামাসের হাতে থাকা ওই সেনাসদস্যের মরদেহ ২০২৫ সালের জানুয়ারিতে উদ্ধার করা হয়।
১৩৮ বার পড়া হয়েছে