সর্বশেষ

ধর্ম

অমুসলিম দেশে বসবাস ও নাগরিকত্ব নেওয়া কি বৈধ?

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
অমুসলিম দেশে বসবাস কিংবা সেসব দেশের নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইসলামে কিছু শর্ত ও নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে ধর্মীয় স্বাধীনতা, ইসলাম পালনের সুযোগ এবং নিজের ও পরিবারের ঈমান-আমল রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। ইসলামি চিন্তাবিদদের মতে, সব পরিস্থিতিতে অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণ নিষিদ্ধ নয়; বরং দেশটির পরিবেশ ও পরিস্থিতির ওপর এর বৈধতা নির্ভর করে।

অমুসলিম দেশে বসবাসের বিষয়ে ইসলামের নির্দেশনা

অমুসলিম দেশে বসবাসের বৈধতা নিয়ে ইসলামি চিন্তাবিদ ড. ইউসুফ আল-কারজাভি (রহ.)-এর ব্যাখ্যায় বলা হয়েছে, এ বিষয়ে দেশটির পরিবেশ ও পরিস্থিতি বিবেচনা করা জরুরি। যেসব দেশে মুসলমানরা স্বাধীনভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সেসব দেশে বৈধ প্রয়োজনে বসবাসের সুযোগ রয়েছে। তবে যেখানে ইসলাম পালনে বাধা দেওয়া হয় কিংবা মুসলমানদের ধর্মীয় পরিচয় হুমকির মুখে পড়ে, সেখানে বসবাসের বিষয়ে সতর্ক থাকতে হবে।

ধর্মবিদ্বেষী পরিবেশে বসবাসের বিধান

যেসব দেশে ইসলাম ও মুসলমানদের প্রতি বিদ্বেষ রয়েছে এবং ধর্মীয় অনুশীলনে বাধা দেওয়া হয়, সেসব পরিবেশ মুসলমানদের জন্য প্রতিকূল হতে পারে। এমন পরিস্থিতিতে নিজেদের ঈমান ও ধর্মীয় আমল রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশনা রয়েছে।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘কিন্তু কেউ অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে অনন্যোপায় হলে আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা নাহল: ১১৫)

ড. ইউসুফ আল-কারজাভি (রহ.)-এর ব্যাখ্যা অনুযায়ী, কোনো মুসলিম দেশে ধর্মীয় জীবনযাপনের সুযোগ থাকা সত্ত্বেও শুধু পার্থিব সুবিধার জন্য ধর্মবিদ্বেষী পরিবেশে চলে যাওয়া সমর্থনযোগ্য নয়। যেখানে দ্বীন পালন করা সম্ভব হয় না, সেখানে হিজরতের নির্দেশনা রয়েছে।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যারা নিজেদের ওপর অবিচার করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতারা বলে, তোমরা কী অবস্থায় ছিলে? তারা বলে, পৃথিবীতে আমরা অসহায় ছিলাম। তারা বলে, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না, যেখানে তোমরা হিজরত করতে? তাদেরই আবাসস্থল জাহান্নাম, আর তা কত মন্দ আবাস!’ (সুরা নিসা: ৯৭)

ধর্মীয় স্বাধীনতা থাকলে বসবাসের সুযোগ

অন্যদিকে যেসব দেশে ধর্মীয়, রাজনৈতিক ও চিন্তার স্বাধীনতা রয়েছে এবং কোনো ধর্মের অনুসারীদের ওপর রাষ্ট্রীয়ভাবে অন্য ধর্মের অনুসারীদের প্রভাব বিস্তারে সহযোগিতা করা হয় না, সেসব দেশে মুসলমানদের বসবাসের সুযোগ রয়েছে।

চাকরি, উচ্চশিক্ষা, ব্যবসা কিংবা অন্য কোনো বৈধ প্রয়োজনে এসব দেশে যাওয়া ও অবস্থান করাও বৈধ বলে মত দিয়েছেন ড. ইউসুফ আল-কারজাভি (রহ.)।

এ বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ জানেন যে তোমাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে।’ (সুরা মুজ্জাম্মিল: ২০)

তবে বিদেশে বসবাসের কারণে নিজের ঈমান, ধর্মীয় অনুশীলন, পরিবারের দ্বীনদারি কিংবা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামি মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এমন পরিবেশে ধর্মীয় বিশ্বাস দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিলে সেখান থেকে সরে আসার বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।

এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘বোলো, তোমাদের কাছে যদি আল্লাহ, তাঁর রাসুল এবং আল্লাহর পথে জিহাদ করার অপেক্ষা প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য যার মন্দা পড়ার আশঙ্কা করো এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাস, তবে অপেক্ষা কোরো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।’ (সুরা তাওবা: ২৪)

অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়া কি বৈধ?

অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণের বিষয়ে সমকালীন ইসলামি চিন্তাবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল আলেম এ ধরনের নাগরিকত্ব গ্রহণকে বৈধ মনে করেন না। তাঁদের মধ্যে রয়েছেন আল্লামা মোস্তফা আল-ঝারকা, শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ ও মান্না আল-কাত্তান।

মিসরের ইসলামি চিন্তাবিদ হাসান আল-বান্নাও বিষয়টিকে গুরুতর গুনাহ হিসেবে বিবেচনা করেছেন। এ মতের সমর্থনে পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াত উল্লেখ করা হয়। সেখানে বলা হয়েছে, ‘মুমিনরা যেন মুমিনরা ছাড়া অবিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ না করে। যে ব্যক্তি এরূপ করবে তার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না।’

তবে ড. ইউসুফ আল-কারজাভি (রহ.)সহ অনেক ইসলামি চিন্তাবিদ এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। তাঁদের মতে, অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণকে সব পরিস্থিতিতে নিষিদ্ধ বলা যায় না। বরং সংশ্লিষ্ট দেশের ধর্মীয় পরিবেশ, স্বাধীনতা এবং সেখানে নিজের ঈমান ও আমল রক্ষার সুযোগ রয়েছে কি না, তার ওপর বৈধতা নির্ভর করে।

যেসব দেশে মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন, নিজেদের ধর্মীয় পরিচয় বজায় রাখতে পারেন এবং সন্তানদের ইসলামি শিক্ষা ও মূল্যবোধ নিশ্চিত করতে পারেন, সেসব দেশের নাগরিকত্ব গ্রহণের সুযোগ রয়েছে বলে তাঁরা মনে করেন।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘দ্বিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।’ (সুরা মুমতাহিনা: ৮)

অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণের ইতিবাচক দিক

ড. ইউসুফ আল-কারজাভি (রহ.) মনে করেন, উপযুক্ত পরিবেশ থাকলে অমুসলিম দেশে মুসলমানদের নাগরিকত্ব গ্রহণের কিছু ইতিবাচক দিক রয়েছে। এর মাধ্যমে ওই দেশগুলোতে মুসলমানদের উপস্থিতি ও ইসলামি সংস্কৃতির বিকাশের সুযোগ তৈরি হতে পারে।

মুসলমানদের বসবাসের ফলে সেখানে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগ তৈরি হয়। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পান। পাশাপাশি ধর্মীয় শিক্ষা, আলোচনা ও সামাজিক কর্মকাণ্ডের পরিসরও বাড়তে পারে।

তাঁর মতে, কোনো দেশে মুসলমানদের উপস্থিতি না থাকলে সেখানে ইসলামি শিক্ষা ও প্রচারের কার্যক্রম সীমিত হওয়ার আশঙ্কা থাকে। তাই ধর্মীয় স্বাধীনতা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত থাকলে অমুসলিম দেশে মুসলমানদের বসবাস ইসলাম প্রচারেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

অমুসলিম দেশে বসবাসের ক্ষেত্রে যা অনুসরণীয়

অমুসলিম দেশে বসবাস করলেও একজন মুসলমানের নিজের ধর্মীয় পরিচয় ও আদর্শ বজায় রাখা জরুরি। ব্যক্তিগত জীবন, পরিবার ও সামাজিক কর্মকাণ্ডে ইসলামের বিধান অনুসরণের চেষ্টা করতে হবে।

এ ক্ষেত্রে সাহাবি জাফর ইবনে আবি তালিব (রা.)-এর হাবশায় অবস্থানের ঘটনা উল্লেখ করা হয়। মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরও তিনি সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের আগ পর্যন্ত অমুসলিম শাসিত হাবশায় অবস্থান করেছিলেন।

লেখকের ব্যাখ্যায়, এ ঘটনা থেকে বিশেষ পরিস্থিতিতে অমুসলিম দেশে অবস্থান এবং সেখানে দ্বীনের প্রচার কার্যক্রম পরিচালনার সুযোগ থাকার বিষয়টি বোঝা যায়।

পবিত্র কোরআনে মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-কে উদ্দেশ করে বলেন, ‘হে রাসুল, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দিন। যদি আপনি তা পৌঁছে না দেন, তবে আপনি তাঁর বাণী প্রচার করলেন না।’ (সুরা মায়িদা: ৬৭)

তবে বিদেশে বসবাসের কারণে নিজের ধর্মীয় জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইসলামি চিন্তাবিদরা। বিশেষ করে সন্তানদের ইসলামি শিক্ষা, ধর্মীয় অনুশীলন ও পারিবারিক মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অমুসলিমদের মধ্যে বসবাস নিয়ে নবীজির সতর্কবার্তা

অমুসলিমদের মধ্যে বসবাসের বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর কিছু সতর্কবাণীও রয়েছে। সুনানে আবু দাউদের একটি হাদিসে তিনি বলেছেন, ‘আমি সেসব মুসলিম থেকে দায়মুক্ত, যারা মুশরিকদের মধ্যে বসবাস করে।’ (হাদিস: ২৬৪৫)

অন্য একটি বর্ণনায় এসেছে, ‘কেউ কোনো মুশরিকদের সাহচর্যে থাকলে এবং তাদের সঙ্গে বসবাস করলে সে তাদেরই মতো।’ (সুনানে আবু দাউদ: ২৭৮৭)

এসব হাদিসের আলোকে মুহাদ্দিসরা মুসলমানদের অমুসলিম দেশে বসবাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে যেসব পরিবেশে ঈমান ও ইসলামি জীবনব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে, সেখানে বসবাসের সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্মীয় ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০